অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয় ছাত্র আমিনুল ইসলামের শরীরে সুই রেখে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। পাশাপাশি আদালত মামলার বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
গতকাল সোমবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সোলায়মানের আদালত এই আদেশ দেন। আদালত আগামী ২১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। অভিযুক্ত দুই চিকিৎসক হলেন সুরমান আলী ও জি এম জাকির হোসেন। আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পেছানো হয়। বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, মামলার আসামিদের পক্ষে আইনজীবীরা আদালতের কাছে সময় প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত আগামী ২১ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
মামলার বাদী মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে আদালতে অভিযোগ করেন। তাই তাঁদের জামিন বাতিলেরও আবেদন করা হয় আদালতে। পরে আদালত হুমকির বিষয়টি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ মে বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুই ভেতরে রেখে দেওয়ার অভিযোগ ওঠে চিকিৎসক সুরমান আলীর বিরুদ্ধে। পরে জি এম জাকির হোসেন ও সুরমান আরেক দফা অস্ত্রোপচার করেও সুই বের করতে পারেননি বলে অভিযোগ। একই বছরের ৩০ জুন ভারতের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে সেই সুইটি বের করা হয়। এ ঘটনায় চলতি বছরের ২৮ জানুয়ারি ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলামের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন। তদন্ত শেষে পাঁচলাইশ থানার পুলিশ দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গত ৩০ মে। বর্তমানে দুই চিকিৎসক জামিনে আছেন।