রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। বিজ্ঞান শাখায় পাসের হার যেখানে ৯৫ দশমিক ৬৭ শতাংশ, সেখানে মানবিক বিভাগে পাসের হার ৮৬ দশমিক ২৯ শতাংশ। শুধু এ বছরই নয়, প্রতিবছরই পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে পিছিয়ে থাকছে মানবিকের শিক্ষার্থীরা।
রাজশাহী শিক্ষা বোর্ডের গত তিন বছরের ফল থেকে দেখা গেছে, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৯৭ শতাংশ। ওই বছর বিজ্ঞানে পাসের হার ছিল ৯৮ দশমিক ৭৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৯৫ দশমিক ১৫ শতাংশ। অথচ মানবিকের শিক্ষার্থীদের পাসের হার ছিল ৯১ দশমিক ৭৪ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান শাখা থেকেই জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৬২ জন। মানবিক শাখায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৪১৯। যার মধ্যে ছাত্র ৬৩ জন এবং ছাত্রী ৩৫৬ জন।
তবে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত ১৭ হাজার ৩৪৯ জনের মধ্যে ছাত্র ৯ হাজার ৭৫ জন এবং ছাত্রী ৮ হাজার ২৭৪ জন।