পিছিয়ে পড়ছে নিউ গভ. ডিগ্রি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ২০০৫ সালে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে সেরা হয়ে সারা দেশে তৃতীয় স্থান লাভ করে। ২০০৯ সালেও কলেজটি জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বোর্ডসেরা হয়। কিন্তু পাঁচ বছর ধরেই প্রতিষ্ঠানটির ফলাফল বিপর্যয় ঘটছে।
এবারের ফলাফলে এ কলেজের আগে রয়েছে আরও ছয়টি প্রতিষ্ঠান। কলেজ থেকে পরীক্ষা দেন এক হাজার ১৭৬ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৯৭ জন। এই শিক্ষার্থীদের প্রায় সবাই এসএসসিতে জিপিএ-৫ পেয়ে এই কলেজে ভর্তি হন।
কলেজটির বিজ্ঞান বিভাগে শুধু সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পায়। সেই হিসেবে বিজ্ঞান বিভাগের ভর্তি হওয়া সব শিক্ষার্থীরই ন্যূনতম জিপিএ-৫ পাওয়ার কথা। এবার এই বিভাগ থেকে ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৩৯ শিক্ষার্থী। শুধু তা-ই নয়, তাঁদের মধ্য থেকে সাতজন অকৃতকার্য হয়েছেন। আরেকজনের ফল স্থগিত রয়েছে।
মানবিক ও ব্যবসায় শাখার অধিকাংশ শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়া। মানবিক বিভাগ থেকে এবার ২৯২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন। অকৃতকার্য হয়েছেন সাতজন। ব্যবসায় শাখা থেকে পরীক্ষা দেন ২৭৮ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন। অকৃতকার্য হয়েছেন তিনজন।
২০০৯ সালের ভালো ফলের পর থেকেই প্রতিষ্ঠানটি ক্রমেই ফলাফলে পিছিয়ে পড়তে শুরু করে। পরের বছর ২০১০ সালে এর অবস্থান চলে যায় বোর্ডের তৃতীয় স্থানে। তারপরের বছর ২০১১ সালে এর অবস্থান চলে যায় পঞ্চমে। এরপর এই প্রতিষ্ঠানটি পঞ্চম থেকে ওপরে উঠতে পারেনি।
পরীক্ষার ফলাফল নিম্নমুখী হওয়ার ব্যাপারে শিক্ষার্থীরা কলেজের পাঠদান ব্যবস্থাকেই দায়ী করছেন। এবার কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করা একজন শিক্ষার্থী বলেন, তাঁরা বড় আশা করে নিউ গভ. ডিগ্রি কলেজে ভর্তি হন। কিন্তু তাঁদের প্রথম বর্ষে মাত্র কয়েকটি ক্লাস হয়েছে। দ্বিতীয় বর্ষে তাঁদের কোনো ক্লাসই হয়নি। শিক্ষকেরা ক্লাস নেওয়ার চেয়ে প্রাইভেট পড়ানোর দিকেই বেশি মনোযোগী। এ জন্য শিক্ষার্থীরাও বাধ্য হয়ে ক্লাস বাদ দিয়ে প্রাইভেট নিয়েই ব্যস্ত থাকেন।
অনেকে বলেন, কলেজের অধ্যক্ষের তেমন কোনো তদারকি নেই। তিনি অন্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকেন। অথচ পাশের রাজশাহী কলেজের উপাধ্যক্ষের তদারকির কারণেই শিক্ষার্থীরা কোনো ক্লাস ফাঁকি দিতে পারেন না। দিলেও তাঁদের শাস্তির ব্যবস্থা রয়েছে। এ জন্য কলেজটি বোর্ডের সেরা ফল করেছে।
কলেজ থেকে জানা গেছে, ২০ জুলাই কলেজের স্টাফ কাউন্সিলের সভায় শিক্ষকেরা প্রকাশ্যে কলেজের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা এ জন্য অধ্যক্ষকে দায়ী করেন। ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, কলেজের তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস—কোনোটিই ঠিকমতো হয় না। শিক্ষকেরা সময়মতো আসেন না। এমনও শিক্ষক রয়েছেন যিনি বছরে পর বছর কলেজে না এসেও বেতন নেন। এতে করে তাঁরা ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের আশঙ্কা করেন। ফল প্রকাশিত হওয়ার পর তাঁদের এই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ সরকার বলেন, এবার দ্বিতীয় বর্ষেও ক্লাস হচ্ছে। ক্লাসে উপস্থিতিও ভালো। জিপিএ-৫ এবার বোর্ডেই কম হয়েছে। সেই তুলনায় তাঁর কলেজ ভালোই করেছে।