পিছিয়ে পড়লে টেকা যাবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমাদের পিছিয়ে পড়া যাবে না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আজকের জগতে আমরা যদি পিছিয়ে পড়ি, তাহলে টিকে থাকা যাবে না।’
আজ শুক্রবার সকালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তড়িত্ কৌশল বিভাগের উদ্যোগে প্রযুক্তিবিষয়ক বহুমাত্রিক আয়োজন ‘ইজোনেন্স ২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যেই লক্ষ্য নির্ধারণ করেছি। আধুনিক যুগের সঙ্গে সংগতিপূর্ণ করে আমাদের দেশকে গড়ে তুলতে চাই। বিগত পাঁচ বছরে একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছি। আমাদের নতুন প্রজন্ম আধুনিক জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি আয়ত্ত করছে ও বাস্তবে প্রয়োগ করছে।’
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ইমতিয়াজ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা রোবোটিক্স পরিদর্শন করেন।
‘ইজোনেন্স ২০১৪’ আয়োজনটি ছিল প্রতিযোগিতামূলক বিভিন্ন অংশে বিভক্ত। রোবোম্যানিয়া নামক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নেয় ৬৮টি দল। হার্ডওয়্যারভিত্তিক প্রজেক্ট প্রদর্শনে অংশগ্রহণ করে ৪৬টি দল। আর ১০টি দল সফটওয়্যারভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। এ ছাড়া বিজনেস কেস স্টাডি, ম্যাটল্যাব কোডিং চ্যালেঞ্জ এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় দেড় শতাধিক শিক্ষার্থী। দেশের ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৫০ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানের সহযোগী পার্টনার স্বপ্ন নিয়ে প্রথম আলো, মিডিয়া পার্টনার ইনডিপেনডেন্ট টিভি ও রেডিও ফুর্তি। এ ছাড়া তথ্যপ্রযুক্তি-বিষয়ক সহায়তায় রয়েছে স্পার্ক আইটি।