পিছিয়ে পড়েছে খুলনার নামকরা স্কুলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার ফল জানার পর ছাত্রীরা আনন্দে লাফিয়ে ওঠে। খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে গতকাল ছবিটি তোলা l প্রথম আলো
পরীক্ষার ফল জানার পর ছাত্রীরা আনন্দে লাফিয়ে ওঠে। খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে গতকাল ছবিটি তোলা l প্রথম আলো

এবারের এসএসসি পরীক্ষায় খুলনার বেশির ভাগ নামকরা স্কুলের ফল গতবারের চেয়ে খারাপ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

জেলার স্কুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে খুলনা জিলা স্কুল থেকে। স্কুলটি থেকে ৪৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৩৪ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৭৮ জন। তবে জিপিএ-৫ পাওয়ার হার মাত্র ৪০ দশমিক ৫৪ শতাংশ। এর আগে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে ২৬৪ জন জিপিএ-৫ পেয়েছিল।

খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় ফল খারাপ হয়েছে। তবে বোর্ডের সামগ্রিক ফলাফলে জিলা স্কুলের ফল খারাপ নয়।

জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টির ২৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। গত বছর স্কুলটিতে শতভাগ পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ২১০ জন।

ভালো করেছে ফুলতলার মিলিটারি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এমসিএসকে)। বিদ্যালয়টি থেকে ১২৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১০ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ ৫ পাওয়ার হার ৮৬ দশমিক ৬১ শতাংশ, যা জেলার মধ্যে সর্বোচ্চ। পাসের হারও শতভাগ। কয়েক বছর ধরে এই স্কুলটি যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থানে ছিল।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের প্রচেষ্টা, অভিভাবকদের সহায়তা ও শিক্ষকদের পরিশ্রমের কারণে পরীক্ষায় ভালো ফল হয়েছে।

খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১০২ জন।

সেন্ট জোসেফস উচ্চবিদ্যালয় থেকে এ বছর ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। জিপিএ-৫ ও পাসের হারে গত বছরের চেয়ে খারাপ করেছে স্কুলটি।

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ থেকে ২৯৮ জন অংশ নিয়ে ২৯৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭১ জন।

খুলনা গভ. ল্যাবরেটরি হাইস্কুল থেকে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। গত বছর এই স্কুল থেকে শতভাগ পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ৭২ জন।

খুলনা বিভাগে পাসের হারে গত বছর দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার খুলনা জেলা শীর্ষে অবস্থান করছে। জেলার ২৪ হাজার ৯৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ২৮০ জন। ৮৩ দশমিক ৯৭ শতাংশ পাসের হার নিয়ে সাতক্ষীরা জেলা দ্বিতীয়, ৮১ দশমিক ৪৫ শতাংশ পাসের হার নিয়ে মেহেরপুর তৃতীয়, ৮০ দশমিক ২৯ শতাংশ পাসের হার নিয়ে যশোর জেলা চতুর্থ অবস্থানে রয়েছে।