পিছিয়ে যাচ্ছে তিন হাজার কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে তিন হাজার কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ পিছিয়ে যাচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের দায়ের করা মামলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফি উদ্দিন।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে মাঠপর্যায়ে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্থাপনার নির্মাণ, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকৌশল ইউনিট গঠন করা হয়। পরবর্তী সময়ে এর নামকরণ করা হয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিট (সিএমএমইউ)। সম্প্রতি সরকার এক আদেশে সিএমএমইউকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উন্নীত করেছে। বর্তমানে অধিদপ্তরের জনবলের সংখ্যা ৩৮৬ জন। আদালত সূত্র জানায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৈধতা চ্যালেঞ্জ করে এর কার্যক্রম স্থগিতের আদেশ চেয়ে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে গত ৫ ও ১৯ এপ্রিল হাইকোর্টে রিট করা হয়। মামলা দায়েরের পর আদালত থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়। পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে স্থগিতাদেশ বাতিল করা হয়। মামলা ও গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের নানা কর্মসূচির কারণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদেরও তাঁদের অবস্থান ধরে রাখতে ব্যস্ত থাকতে হচ্ছে। এ কারণে স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ে বিভিন্ন স্থাপনার নির্মাণ, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হচ্ছে।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফি উদ্দিন জানান, বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় ১০ হাজার কমিউনিটি ক্লিনিকের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। নতুন করে আরও তিন হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের দায়ের করা মামলা ও নানা কর্মসূচির কারণে সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও তিন হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। গণপূর্ত বিভাগের (ঢাকা-২) নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের চৌধুরী বলেন, ‘সরকার নিয়ম লঙ্ঘন করে সিএমএমইউকে অধিদপ্তরে উন্নীত করেছে। এ কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছি।’