পিছিয়েছে ২৯ বিভাগের পরীক্ষা ছয় মাসের সেশনজটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ কোর্সের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৬ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ২ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে। ফলে পিছিয়ে যায় পরীক্ষা। বিভাগ ৪ মার্চ থেকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করে। কিন্তু ২৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বন্ধ ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। কবে শুরু হবে এই পরীক্ষা, তা নিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা।জানা গেছে, ৩৮ দিনের অনির্ধারিত বন্ধের কবলে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের ৩৮টি বিভাগ ও তিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই অনির্ধারিত বন্ধে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৯টি বিভাগের কমপক্ষে ৬৬টি বর্ষের পরীক্ষা পিছিয়েছে বলে বিভাগ সূত্রে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, এই অনির্ধারিত বন্ধের কারণে শিক্ষার্থীরা অন্তত তিন থেকে ছয় মাসের সেশনজটে পড়বেন। এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে না পারায় শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি চাকরিতে আবেদন করতে পারছেন না। এমনকি বিদেশেও যেতে পারছেন না তাঁরা। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, অনির্ধারিত বন্ধের কারণে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই প্রসঙ্গে জীববিজ্ঞান অনুষদের একটি বিভাগের সভাপতি প্রথম আলোকে বলেন, এখন বিশ্ববিদ্যালয় খোলার পর সবকিছু নতুন করে শুরু করতে হবে। পরীক্ষার ফরম পূরণ, সময়সূচি—এসব নির্ধারণ করতে সময়ের প্রয়োজন। এসব কারণে শিক্ষার্থীরা অন্তত তিন থেকে ছয় মাসের সেশনজটে পড়বেন। তবে সবাই আন্তরিক হলে এই সেশনজট অনেক হ্রাস করা সম্ভব।খোঁজ নিয়ে জানা গেছে, বিজ্ঞান অনুষদের চারটি বিভাগের সব কটির পরীক্ষা পিছিয়েছে। এর মধ্যে পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা, রসায়নবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা এবং পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষ ও গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা পিছিয়েছে।জীববিজ্ঞান অনুষদের পুরাতন আটটি বিভাগের সাতটিতে পরীক্ষা পিছিয়েছে। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চারটি করে শিক্ষাবর্ষের পরীক্ষা পিছিয়েছে। এ ছাড়া প্রাণিবিদ্যা বিভাগের একটি শিক্ষাবর্ষ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিনটি শিক্ষাবর্ষ, অণুজীববিদ্যা বিভাগের দুটি শিক্ষাবর্ষ, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের চারটি শিক্ষাবর্ষের এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের দুটি শিক্ষাবর্ষের পরীক্ষার সময়সূচি নতুন করে নির্ধারণ করতে হবে বলে জানা গেছে।আর ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি বিভাগের সবকটি বিভাগের পরীক্ষা পিছিয়েছে। এর মধ্যে হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ ও তৃতীয় বর্ষের, ব্যবস্থাপনা বিভাগের এমবিএ কোর্সের, অর্থ ও ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের এবং বিপণনবিদ্যা বিভাগের একটি শিক্ষাবর্ষের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে অনির্ধারিত বন্ধের কারণে। এ ছাড়া আইন অনুষদের তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা পিছিয়েছে। সমাজবিজ্ঞান অনুষদের সাতটি বিভাগের অন্তত ১৯ শিক্ষাবর্ষের পরীক্ষা পিছিয়েছে। এর মধ্যে সমাজতত্ত্ব, রাজনীতিবিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক ও নৃবিজ্ঞান বিভাগের প্রতিটিতে তিন বর্ষের পরীক্ষা পিছিয়েছে। এ ছাড়া যোগাযোগ ও সাংবাদিকতা এবং অর্থনীতি বিভাগের দুটি বর্ষ করে পরীক্ষা পিছিয়েছে।আর কলা অনুষদের মধ্যে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের বিশেষ পরীক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় ও তৃতীয় এবং স্নাতকোত্তর শ্রেণী ও আরবি বিভাগের তৃতীয় ও স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা পিছিয়েছে।এ ছাড়া বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটটের দুটি বিভাগের ছয়টি ব্যাচের পরীক্ষা পিছিয়েছে বলে জানা গেছে। এদিকে, নতুন চালু হওয়া প্রকৌশল অনুষদের দুটি বিভাগের তিনটি বর্ষের পরীক্ষা পিছিয়েছে। এর মধ্যে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল বিভাগের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের এবং কম্পিউটার-বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা পিছিয়েছে এই বন্ধে।