পিজিআর ব্যারাক উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) জন্য একটি চারতলা নতুন ব্যারাক ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার গণভবনে ফলক উন্মোচনের মাধ্যমে এ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট থেকে বিশেষ বরাদ্দ হিসেবে ৮ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে গণভবন এলাকায় এই ব্যারাক নির্মিত হয়েছে।
পিজিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ১৫০ জন পিজিআর সদস্যের আবাসনের ব্যবস্থা থাকবে। নিচতলায় অফিস কমপ্লেক্স, জিমনেসিয়াম, স্টোর ও গ্যারেজ এবং দ্বিতীয় তলায় গ্রন্থাগার ও বিনোদন হল থাকবে।
পিজিআর ব্যারাক উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্যসচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রেসসচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
আহত পুলিশ কনস্টেবলকে সহায়তা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. শাহানুর আলম নামের পুলিশের একজন কনস্টেবলকে চিকিৎসার জন্য নগদ দুই লাখ টাকা দিয়েছেন। গতকাল গণভবনে শাহানুরের স্ত্রী মোছা. আফরোজা বুলবুলের হাতে ওই টাকা দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আহত শাহানুরের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরবর্তী চিকিৎসার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।
ট্রাফিক পুলিশের কনস্টেবল শাহানুর আলম গত ২৪ জানুয়ারি রাজধানীর কলেজগেট এলাকায় মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে দায়িত্ব পালনকালে বাসচাপায় গুরুতর আহত হন।