পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)। ১৯৭৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল এই বাহিনী।গতকাল সকালে রেজিমেন্ট মসজিদে মিলাদ মাহফিল, দোয়া এবং পরে কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করে দিবসটির কার্যক্রম শুরু হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তর পরিদর্শন করেন। এ উপলক্ষে পিজিআর সদর দপ্তরে রেজিমেন্টের অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সব সদস্যের উদ্দেশে রাষ্ট্রপতির দরবার অনুষ্ঠিত হয়।দরবারে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সব সময় নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য পিজিআর সদস্যদের নির্দেশ দেন। এ সময় তিনি পিজিআর সদস্যদের নিষ্ঠা, সততা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন।রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিমেন্ট পরিদর্শনে যান। এ সময় তিনি একদল চৌকস গার্ডের সালাম গ্রহণ করেন। রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিহত শহীদদের স্বজনদের সঙ্গে তিনি একান্ত সাক্ষাৎ করেন। তিনি তাঁদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন এবং পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতিভোজে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী পিজিআরের সব সদস্যের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি পিজিআরের প্রতিটি সদস্যকে যেকোনো অবস্থায় নির্ভীক সৈনিকের মতো দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, তাঁর সরকার সর্বাধুনিক প্রশিক্ষণ, গবেষণার সুবিধা ও পর্যাপ্ত প্রশাসনিক সরঞ্জাম প্রদানের মাধ্যমে একটি আধুনিক ও সময়োপযোগী সশস্ত্র বাহিনী গঠন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। তাঁরা তাঁদের দক্ষতা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও সৈন্য পাঠানোর লক্ষ্যে আধুনিক প্রশিক্ষণ, অত্যাধুনিক অস্ত্রসহ চৌকস সশস্ত্র বাহিনী গঠন করা হচ্ছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, ভারপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন। আইএসপিআর, বাসস।