পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) সিরাজগঞ্জ বিপণন বিভাগের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী রফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়।পিজিসিএলের প্রশাসন বিভাগ সূত্র জানায়, রফিকুল ইসলাম ৯ এপ্রিল সিরাজগঞ্জ বিপণন কার্যালয়ে এক নারী উপসহকারী প্রকৌশলীকে তাঁর কক্ষে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ওই কক্ষে গিয়ে তাঁকে উদ্ধার করেন। সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলীর অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে রফিকুল ইসলামকে ওএসডি করে প্রধান কার্যালয়ে পাঠানো হয়। গতকাল রোববার তাঁকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়।যৌন হয়রানির শিকার উপসহকারী প্রকৌশলী জানান, গত ৮ জানুয়ারি তিনি এ কার্যালয়ে যোগ দেন। শুরু থেকেই রফিকুল ইসলাম তাঁকে নিজের কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিতেন। তিনি বেশ কয়েকবার বিষয়টি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, ‘রফিকুলের কুপ্রস্তাব মুঠোফোনে রেকর্ড করে আমি জমা দিয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’এ ব্যাপারে কথা বলতে রফিকুল ইসলামের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। গতকাল তাঁকে কার্যালয়েও পাওয়া যায়নি।পিজিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল বাসার বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় রফিকুল ইসলামকে ওএসডি করা হয়েছে। পরে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।