পিজিসিএলের যান চলাচলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে (পিজিসিএল) কর্মরত গাড়িচালককে চাকরিচ্যুত ও শ্রমিকনেতার সঙ্গে অসদাচরণ করায় গতকাল মঙ্গলবার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী তিনটি যান চলাচলে বাধা দেন শ্রমিকেরা।
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত হওয়ায় ওই তিনটি গাড়ি ছেড়ে দেওয়া হয়।
পুলিশ, পিজিসিএল ও মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত মাসে পিজিসিএল কোম্পানির হিসাব বিভাগের মহাব্যবস্থাপকের গাড়িচালক মো. ইলিয়াস আলীকে ঊর্ধ্বতন কর্মকর্তারা চাকরি থেকে অপসারণ করেন। বিষয়টি জানতে গত সপ্তাহে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা পিজিসিএলের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। এ সময় পিজিসিএলের কর্মকর্তারা শ্রমিকনেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। এতে শ্রমিকনেতারা ক্ষুব্ধ হয়ে ফিরে আসেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল পৌনে নয়টার দিকে শ্রমিকেরা বাসস্ট্যান্ড এলাকায় পিজিসিএলের তিনটি যান যেতে বাধা দেন। পরে আলোচনায় বসবে এমন সিদ্ধান্ত হওয়ায় গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।
পিজিসিএলের সার্ভিস ও পরিবহন বিভাগের দায়িত্বে নিয়োজিত উপমহাব্যবস্থাপক মো. নাজমুল হক জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেয়াদবি করায় ওই চালকের চাকরি গেছে। বিষয়টি জানতে শ্রমিকনেতারা এসেছিলেন। এ সময় কর্মকর্তারা ব্যস্ত থাকায় তাঁদের সঙ্গে দেখা করতে দেরি হওয়ায় তাঁরা চলে যান। তবে ঈদের পরে বিষয়টি নিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়েছে।