পিজিসিএলের রাজশাহী কার্যালয়ে ছাত্রদলের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) রাজশাহী কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফুল আমিন ও তাঁর কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিয়ম লঙ্ঘন করে পছন্দের ব্যক্তিদের আগে গ্যাস-সংযোগ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করায় তাঁরা এ হামলা চালান বলে জানা গেছে। পুলিশ আশরাফুল আমিনকে আটক করেছে। রাজশাহীতে বিএনপি-সমর্থিত মেয়র মোসাদ্দেক হোসেন দায়িত্ব নেওয়ার এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল।
পিজিসিএলের রাজশাহী কার্যালয়ের উপব্যবস্থাপক (ডিজিএম) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে গ্যাস-সংযোগের আবেদন রয়েছে প্রায় ১৩ হাজার। গত ৭ জুন নগরে গ্যাস-সংযোগকাজের উদ্বোধনের পর থেকে ‘আগে আবেদন করলে আগে পাবেন’ এ নিয়মে এ পর্যন্ত প্রায় এক হাজার গ্রাহককে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু সংযোগের অনুমতি দেওয়ার জন্য আশরাফুল আমিন যাঁদের নাম দিয়েছেন, তাঁদের সিরিয়াল নয় থেকে ১১ হাজারের মধ্যে রয়েছে।
গ্যাস কোম্পানির একটি সূত্র জানায়, আশরাফুল আমিনের দাবি না মানায় গতকাল তিনি তাঁর কর্মীদের নিয়ে রাজশাহী কার্যালয়ে এসে উপব্যবস্থাপকের ডেস্ক ও চেয়ারে লাথি মারেন। এবং টেবিলের কাচ ভাঙচুর করেন। নথিপত্র ছুড়ে ফেলেন। পরে কোম্পানির লোকজন এসে উপব্যবস্থাপককে রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ আশরাফুলকে আটক করে নিয়ে যায়।
রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, নিয়ম অনুযায়ী গ্যাস-সংযোগ দেওয়ার জন্য অনেক আগে তিনি আশরাফুলের জন্য ফোন করেছিলেন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছাত্রদলের নেতারাও থানায় এসেছেন। দুই পক্ষের আলোচনা চলছে।