পিটার কাস্টার্সকে সম্মানিত করার দাবি
ইউরোপে বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত প্রয়াত পিটার কাস্টার্সকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিদেশি বন্ধুদের যেভাবে সম্মাননা দেওয়া হয়েছে, সেভাবে তাঁকেও সম্মানিত করার দাবি জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গত সোমবার ‘বাংলাদেশের বন্ধু ড. পিটার কাস্টার্স স্মরণ কমিটি’ আয়োজিত স্মরণসভায় এ দাবি জানানো হয়।
ডাচ গবেষক ও সাংবাদিক পিটার কাস্টার্স গত বছরের ৩ সেপ্টেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে নেদারল্যান্ডসের লেইডেনে মারা যান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক হিসেবে তিনি বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রেখেছিলেন। পরে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে ইউরোপসহ পৃথিবীজুড়ে জনমত তৈরিতে ভূমিকা পালন করেছিলেন।
স্মরণসভার সভাপতি লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বিদেশি হলেও পিটার কাস্টার্স ছিলেন পরিপূর্ণ বাঙালি। তাঁর জীবনের বেশির ভাগ সময়ই তিনি বাংলাদেশে কাটিয়েছেন, বাংলাদেশকে নিয়ে ভেবেছেন।’ প্রচারবিমুখ এ মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই তাঁকে নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের কথা জানান সৈয়দ আবুল মকসুদ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খানও পিটার কাস্টার্সকে একজন সত্যিকারের বাঙালি হিসেবে অভিহিত করেন।
পিটার কাস্টার্সের ঘনিষ্ঠ বন্ধু নরওয়েপ্রবাসী খোরশেদ আহমেদ দুজনের দীর্ঘ ৪০ বছরের বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রতি এ ডাচ গবেষকের মমত্ব ও ভালোবাসা ছিল অপরিসীম। তিনি বলেন, শেষকৃত্য শেষে পিটারের দেহভস্ম নেদারল্যান্ডসে রাখা হয়েছে। পিটারের ইচ্ছা অনুযায়ী তাঁর দেহভস্ম তিন ভাগ করা হবে। এর এক ভাগ নিজ জন্মভূমি নেদারল্যান্ডস, এক ভাগ ভারতে ও বাকি এক ভাগ বাংলাদেশে সংরক্ষণ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, প্রকৌশলী ইনামুল হক প্রমুখ।