সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থী অনামিকা দাসের (২২) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার এবং তাঁর বিচারের দাবিতে গতকাল সোমবারও বিক্ষোভ হয়েছে। প্রতিষ্ঠানটির ক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা ক্লাস বর্জন করে ওই কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।এদিকে এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মজিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আবদুর রহমান ও সহকারী পরিচালক মো. রায়হান। কমিটি আজ মঙ্গলবার তদন্তের কাজ শুরু করবে।গত শনিবার সকালে পিটিআইয়ের আবাসিক হোস্টেলের নিজ কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিক্ষিকা অনামিকা দাসের লাশ উদ্ধার করা হয়। তিনি ছাতক উপজেলার বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় পিটিআইয়ে প্রশিক্ষণরত শিক্ষক-শিক্ষিকারা ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বলেন, তাঁর কারণেই অনামিকা আত্মহননের পথ বেছে নিয়েছেন। তাঁদের অভিযোগ, ওই কর্মকর্তা প্রায়ই অনামিকাকে উত্ত্যক্ত করতেন। এমনকি অশ্লীল ভাষায় গালাগালও করতেন।