পিটিআই তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থী অনামিকা দাসের (২২) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক (সুপার) আবুল কাশেম মিয়াকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অনামিকার বাবা সুবল দাস বাদী হয়ে গতকাল সকালে আবুল কাশেমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। এরপর বিকেল চারটার দিকে পিটিআই ক্যাম্পাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।অনামিকার বাবা মামলায় উল্লেখ করেছেন, তাঁর দুই মেয়ে অনামিকা দাস ও দীপিকা দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বর্তমানে সুনামগঞ্জ পিটিআইয়ে প্রশিক্ষণ নিচ্ছেলেন, থাকতেন আবাসিক হোস্টেলের ৪০২ নম্বর কক্ষে।সুবল দাস অভিযোগ করেন, অনামিকাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন আবুল কাশেম। তাঁকে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে তিনি রাজি না হওয়ায় তাঁকে হোস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি দেন। ঘটনার দিন বিকেলে একইভাবে তিনি অনৈতিক প্রস্তাব দেন। এ কারণে সন্ধ্যার দিকে তিনি হোস্টেল থেকে শহরের এক আত্মীয়ের বাসায় চলে যেতে চান। কিন্তু এতে সুপার বাধা দিয়ে তাঁকে আবার হোস্টেলে পাঠান। পরে তিনি রাতে অনামিকাকে ধর্ষণের পর হত্যা করে লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রাখেন।গত শনিবার সকালে সুনামগঞ্জ পিটিআইয়ের আবাসিক হোস্টেলের নিজ কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনামিকার লাশ উদ্ধার করা হয়। অনামিকা দাস ছাতক উপজেলার বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত কমিটির সদস্যরা গতকাল সুনামগঞ্জে গিয়ে তদন্ত করেছেন। কমিটির সদস্যরা অনামিকার মা-বাবা, বোন, অন্যান্য প্রশিক্ষণার্থী, সদর থানার ওসি ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। কমিটির প্রধান পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মজিদ সাংবাদিকদের জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।এদিকে আবুল কাশেমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকালও বিক্ষোভ করেছেন প্রশিক্ষণার্থী ও শিক্ষক-শিক্ষিকারা। বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন তাঁরা।