পিটিআই প্রশিক্ষণের সময় বাড়ছে, বদলাবে নামও
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মাধ্যমে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের নাম পরিবর্তন করে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন করা হচ্ছে। একই সঙ্গে এ প্রশিক্ষণের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে মোট দেড় বছর করা হচ্ছে।বর্তমানে এক বছর মেয়াদি এ প্রশিক্ষণের নাম সার্টিফিকেট ইন এডুকেশন (সি-ইন-এড)। প্রাথমিক শিক্ষকদের জন্য পিটিআইয়ের এ প্রশিক্ষণ বাধ্যতামূলক।অন্যদিকে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দেশের যে ১২টি জেলায় পিটিআই নেই, সেগুলোয় নতুন একটি করে পিটিআই স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।নতুন নামে প্রশিক্ষণ চালুর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে জানান, এ জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে।প্রশিক্ষণ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক নজরুল ইসলাম জানান, আগামী বছর থেকেই পরীক্ষামূলকভাবে এ কোর্স চালু হচ্ছে। পরের বছর থেকে সারা দেশে নতুন নামে এ প্রশিক্ষণ শুরু হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নেপের কর্মকর্তারা জানান, বর্তমানে সারা দেশে সরকারি ৫৫টি পিটিআইয়ের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। বছরে দুটি পালায় প্রশিক্ষণার্থীদের ভর্তি করা হয়। এর মধ্যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক পালা এবং জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত আরেক পালা। প্রতি পালায় মোটামুটি ১০ হাজার ৭০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে।বর্তমানে সি-ইন-এড নামের এ প্রশিক্ষণে পিটিআই প্রাঙ্গণের ভেতরই বেশি কাজ করা হয়। নতুন প্রশিক্ষণে ব্যবহারিক শিক্ষার ওপর জোর দেওয়া হবে বলে জানান নেপের মহাপরিচালক নজরুল ইসলাম। তিনি জানান, দেড় বছরের প্রশিক্ষণ কোর্সের মধ্যে প্রশিক্ষণার্থী ছয় মাস তাঁর নিজের বিদ্যালয়েই ব্যবহারিক শিক্ষার কাজ করবেন। তবে শেষের কয়েক সপ্তাহ আবার তাঁকে পিটিআইয়ে প্রশিক্ষণ নিতে হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও কয়েক হাজার শিক্ষক নিয়োগের জন্য শিগগির বিজ্ঞপ্তি দেওয়া হবে। নতুন ১২টি পিটিআই হচ্ছে: শিক্ষক প্রশিক্ষণের জন্য বর্তমানে দেশের ৫২টি জেলায় ৫৫টি পিটিআই রয়েছে। চট্টগ্রাম, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে দুটি করে পিটিআই রয়েছে। কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ, শেরপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, বান্দরবান, খাগড়াছড়ি, মেহেরপুর, লালমনিরহাট ও নড়াইলে কোনো পিটিআই নেই। সরকার এ জেলাগুলোয় একটি করে পিটিআই নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইগুলোর নির্মাণ প্রকল্পের পরিচালক মো. ইমরান প্রথম আলোকে জানান, ইতিমধ্যে নতুন পিটিআইয়ের জন্য জায়গা নির্বাচন হয়ে গেছে। এখন জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। ঢাকা ও নড়াইলে জমিও চূড়ান্ত হয়ে গেছে। ঢাকার পিটিআই হচ্ছে মিরপুরে। ১২টি প্রশিক্ষণকেন্দ্রের প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।