পিটিআই হোস্টেল থেকে শিক্ষিকার লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) আবাসিক হোস্টেল থেকে গতকাল শনিবার বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনামিকা দাস (২২) নামের এক শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পিটিআই কর্তৃপক্ষের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। অনামিকা ছাতক উপজেলার বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি ছাতক শহরের পেপার মিল আবাসিক এলাকায়।পিটিআই প্রশাসন সূত্রে জানা যায়, নারী শিক্ষিকাদের আবাসিক হোস্টেলের চতুর্থ তলার ৪০২ নম্বর কক্ষে অনামিকা, তাঁর ছোট বোন দীপিকা দাস ও অপর সহপাঠী হেপি পাল থাকতেন। গত শুক্রবার দীপিকা ও হেপি বাড়িতে চলে যান। গতকাল সকালে পাশের কক্ষের শিক্ষার্থীরা অনামিকার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় কক্ষের দরজা খোলা ছিল। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে অনামিকার মৃত্যুর ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা দাবি করে সকাল নয়টায় পিটিআই ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন প্রশিক্ষণার্থীরা। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাংলোয় গিয়ে স্মারকলিপি দিতে চাইলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় চারজন শিক্ষক আহত হয়েছেন। তাঁরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।পিটিআইয়ের তত্ত্বাবধায়ক আবুল কাশেম জানান, প্রাথমকিভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।