পিটিআইকে কলেজে রূপান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে (পিটিআই) প্রাথমিক শিক্ষা কলেজে রূপান্তরের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতির রাজশাহী বিভাগীয় সম্মেলনে গতকাল রোববার এ দাবি তোলা হয়।
গতকাল দুপুরে রাজশাহী পিটিআই মিলনায়তনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আবুল কালাম আজাদ। বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি রাজশাহী বিভাগের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সমিতির মহাসচিব মো. সেলিম।
অনুষ্ঠানে পিটিআই কর্মকর্তা সমিতি আবুল কালাম আজাদের কাছে একটি স্মারকলিপি দেয়। এতে পিটিআইকে প্রাইমারি এডুকেশন কলেজে (প্রাথমিক শিক্ষা কলেজে) রূপান্তর করাসহ আট দফা দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য টিচার্স ট্রেনিং কলেজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শরীরচর্চা শিক্ষকদের জন্য শারীরিক শিক্ষা কলেজ রয়েছে। সে হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা পিটিআইকে কলেজ অব প্রাইমারি এডুকেশন নামকরণ করা যৌক্তিক দাবি।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতি পিটিআইতে সহকারী সুপারিনটেনডেন্টের দুটি পদ সৃষ্টি করা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পৃথকভাবে জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গঠন করা, পিটিআই গ্রন্থাগারগুলোকে যুগোপযোগী ও আরও মানসম্মত করে ডিজিটাল গ্রন্থাগার গড়ে তোলা ইত্যাদি।