পিটিয়ে অর্থ নেওয়ার অভিযোগে পাঁচ পুলিশ গ্রেপ্তার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন রিকশাচালককে ১২ ঘণ্টা গাড়িতে আটকে রেখে পিটিয়ে তাঁদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে গতকাল বুধবার রাতে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। নির্যাতিত তিন রিকশাচালকের বরাত দিয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে এসআই আকতারুজ্জামান ও এএসআই (সহকারী উপপরিদর্শক) জাহিদুর রহমানের নেতৃত্বে শেরেবাংলা নগর থানার সাদা পোশাকের পুলিশের পাঁচ সদস্য ধানমন্ডি ১৫ নম্বর সড়ক থেকে তিন রিকশাচালককে আটক করে পিকআপে তোলেন। তাঁরা রিকশাচালক উজ্জল, আক্কাস ও মাসুদকে বলেন, ‘তোদের কাছে ফেনসিডিল আছে। আমাদের দুই লাখ টাকা দিবি।’

ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, টাকা না দেওয়া হলে ফেনসিডিলের মামলায় তাঁদের ফাঁসিয়ে দেওয়া হবে। একপর্যায়ে তাঁদের পিকআপে তুলে পেটান পুলিশের ওই সদস্যরা। এভাবে পিকআপে করে তাঁদের নগরের বিভিন্ন সড়ক ঘোরানো হয়। রিকশাচালকদের দিয়ে তাঁদের স্বজনদের সঙ্গে পুলিশ কথা বলায়। এরপর সন্ধ্যা নাগাদ স্বজনেরা ২৩ হাজার টাকা জোগাড় করে পুলিশকে দিতে সমর্থ হন। তার পরও রিকশাচালকদের ছেড়ে দেওয়া হয়নি। তাঁরা রিকশাচালকদের কাছে আরও টাকা দাবি করতে থাকেন। পুলিশের ওই কর্মকর্তা বলেন, একটি সূত্রে খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আগারগাঁও বাজারে পুলিশের পিকআপ থেকে তিন রিকশাচালককে উদ্ধার করেন এবং পুলিশের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক হওয়া বাকি তিনজন হলেন কনস্টেবল একরাম হোসেন, জহিরুল ইসলাম ও মো. আবদুল্লাহ। রাত ১২টায় পুলিশের ওই কর্মকর্তা বলেন, রিকশাচালকদের সঙ্গে কথা বলে ও পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। নির্যাতিত রিকশাচালকদের পক্ষ থেকে পুলিশের ওই পাঁচ সদস্যের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় ওই পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই পাঁচ পুলিশ সদস্যের ব্যক্তিগত বিচ্যুতি ঘটেছে। এর দায় সংস্থা নেবে না। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।