পিটিয়ে দরপত্র ছিনতাই, পরে ছিঁড়ে ফেলল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে দরপত্র জমা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মসলেম উদ্দীন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে দরপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, চড়াইকোল এলাকায় দুটি অস্থায়ী পশুর হাট ইজারার জন্য গতকাল মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ইউএনও কার্যালয়ের বাক্সে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শহিদুল ইসলাম ও মসলেম উদ্দীন নামের দুই ব্যক্তি দরপত্র জমা দিতে গেলে দরপত্র বাক্সের কাছে থাকা ১০-১২ সন্ত্রাসী তাঁদের মারধর করে দরপত্র ছিনিয়ে নেয়।
শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, বাধা দিতে গেলে সন্ত্রাসীরা মসলেমকে বেদম মারধর করে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীদের তিনি চিনতে পেরেছেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।
ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উজ জামান বলেন, ঘটনার সময় তিনি ভূমি কার্যালয়ে ছিলেন। দরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।