চিকিৎসার নামে মাদকাসক্ত রোগীদের পেটানো হতো মোটা লাঠি দিয়ে। দেওয়া হতো কিল-ঘুষি, চোখে-মুখে পানি। অমানুষিক নির্যাতনের শব্দ যাতে বাইরে না যায়, সে জন্য উচ্চ শব্দে বাজানো হতো গান। এভাবেই চিকিৎসার নামে অপচিকিৎসা করে যাচ্ছিল কিশোরগঞ্জ শহরের নিউ বিজয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই কেন্দ্র থেকে নির্যাতনের শিকার ১০-১২ জন মাদকাসক্ত রোগীকে উদ্ধার করে সদর মডেল থানার পুলিশ। এর মধ্যে চারজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় নিউ বিজয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন এক রোগীর ভাই মো. আবদুস ছামাদ চৌধুরী। মামলার পর নিরাময় কেন্দ্র পরিচালনায় জড়িত শহরের হারুয়া এলাকার মো. আবু ওসমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও রোগীদের স্বজনদের ভাষ্যমতে, শহরের নিউ টাউন এলাকার মো. আরজু খান ও মো. ফারুক, হয়বতনগর এলাকার মো. নাজিবুল হক ও আবু ওসমান এক বছর আগে হয়বতনগর এলাকার একটি বাড়ির পাঁচতলা ভাড়া নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র চালু করে। সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে মাদকাসক্তদের উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় বলে ব্যাপক প্রচারণা চালানো হয়। মাসিক ১০ হাজার টাকায় রোগীদের ভর্তি করা হয়। শর্ত দেওয়া হয়, ভর্তির ২৮ দিন আগে কোনো অভিভাবক রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। এ সময় ব্যাপক নির্যাতনের ফলে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন রোগীরা। এক মাস পর অভিভাবকেরা এলেও ভীত-সন্ত্রস্ত রোগীরা তাঁদের চিকিৎসার প্রকৃত ঘটনা জানাতে পারেন না।শহরের নিউ টাউন এলাকার আরজু খান বলেন, গত ২৭ জুলাই তাঁর মাদকাসক্ত বড় ভাই এমদাদ হোসেন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিউ বিজয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান। দুই দিন পর দেখা করতে চাইলে নিরাময় কেন্দ্রের লোকজন জানিয়ে দেন, ২৮ দিন আগে দেখা হবে না। পরদিন তিনি খবর পান, তাঁর ভাই অসুস্থ। তাঁকে বেদম পেটানো হয়েছে। গত বুধবার তিনি আবারও ওই কেন্দ্রে গেলে ভাইয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কেন্দ্রের লোকজনের রহস্যজনক আচরণে তাঁর সন্দেহ হয়। পরে তিনি শহরের কয়েকজন প্রভাবশালীকে নিয়ে গিয়ে তাঁর বড় ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে গেলে আহত এমদাদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর তাঁকে কিল-ঘুষি মেরে গরমের মধ্যে কম্বল দিয়ে মেঝেতে শুইয়ে রাখে। প্রতিবাদ করায় পরদিন মোটা লাঠি দিয়ে হাত-পায়ে বেদম পেটানো হয়। চিৎকারের শব্দ যাতে বাইরে না যায়, এ জন্য উচ্চ শব্দে গান বাজানো হয়। এমদাদ বলেন, ‘আমাকে উদ্ধার করা না হলে ওরা আমাকে মেরেই ফেলত।’উদ্ধারের পর হাসপাতালে ভর্তি আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তির পর ওরা আমাকে একটি ছোট ঘরে বন্দী করে। প্রতিবাদ করলে তিনজন ধরে বস্তার ওপর ফেলে দেয়। এতে আমার দুটি দাঁত ভাঙে এবং মুখের নিচের অংশ কেটে যায়। পরে তাদের চেনা একজন গ্রাম্য চিকিৎসক এনে রক্ত পড়া বন্ধ করে।’রমজান মিয়া ও উজ্জ্বল মিয়া নামের দুই রোগীও তাঁদের ওপর অমানুষিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন।ওই চার রোগীর ব্যাপারে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আলী বলেন, ‘চিকিৎসার নামে তাঁদের নির্যাতন করা হয়েছে। হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে তাঁরা অনেকটা সুস্থ।’রোগী আজিজুরের ভাই ও মামলার বাদী মো. আবদুস ছামাদ চৌধুরী বলেন, ‘নিউ বিজয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা চিকিৎসার নামে রোগীদের সর্বনাশ করেছে। তারা নিজেরা মাদক ব্যবসাসহ মাদক নিত এবং কেন্দ্রে বসে জুয়া খেলত। শুধু ভাইয়ের জন্য নয়, একজন সচেতন নাগরিক হিসেবে থানায় মামলা করেছি।’মামলার তদন্ত কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হাসান বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নিউ বিজয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজন সবাই মাদকাসক্ত ছিল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।