পিটিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পদুঘরে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ায় সিএনজিচালিত অটোরিকশার একজন চালককে বেদম পিটিয়ে জখম করা হয়েছে। তাঁর নাম এবাদুল্লাহ (৩০)। এ ঘটনায় মোটরসাইকেলচালক জাহাঙ্গীরকে (৪০) আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বন্দরের নবীগঞ্জ এলাকার জাহাঙ্গীর গতকাল তাঁর গরুর খামারের সামনে ছেলেকে নিয়ে মোটরসাইকেলের ওপর বসা ছিলেন। এ সময় নবীগঞ্জ থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দিলে জাহাঙ্গীর ও তাঁর ছেলে নিচে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশাচালক এবাদুল্লাহকে ধরে গরুর খামারে নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করেন জাহাঙ্গীর। এবাদুল্লাহকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।