পিটিয়ে ও কুপিয়ে জখম, হাসপাতালে ব্যবসায়ীর মৃত্যু
নরসিংদীর মনোহরদী উপজেলায় মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক ব্যবসায়ীকে গত শনিবার রাতে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি সাত্তার মিয়া, মিজানুর রহমান ও রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মনোহরদীর চালাকচর বাজারে নিহত শাহাবুদ্দিনের স্ত্রী মেহেরুন্নেছার পৈতৃক সম্পত্তি রয়েছে। সেখানে তৈরি করা মুদির দোকানে ব্যবসা করতেন শাহাবুদ্দিন। দোকানের মালিকানা নিয়ে চালাকচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাশেম মিয়ার সঙ্গে শাহাবুদ্দিনের দ্বন্দ্ব ও মামলা চলছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে সাত্তার ও মিজানুরের নেতৃত্বে ১০-১২ জন দোকানে গিয়ে শাহাবুদ্দিনের ওপর হামলা চালায়। তারা প্রকাশ্যে শাবল ও রড দিয়ে শাহাবুদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এলাকাবাসী এগিয়ে গিয়ে সাত্তার ও মিজানুরকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যায়।পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে প্রথমে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে শাহাবুদ্দিনের মৃত্যু হয়।মেহেরুন্নেছা জানান, ‘চালাকচর বাজারে আমার একটি দোকানের দখল নিতে কাশেম মেম্বার বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছে এবং সবাইকে হত্যার হুমকি দিচ্ছে। তাঁর নির্দেশে সন্ত্রাসীরা আমার স্বামীকে প্রকাশ্যে খুন করেছে।’গ্রেপ্তার হওয়া সাত্তার মিয়া শনিবার রাতে মনোহরদী থানা হাজতে প্রথম আলোকে জানান, ‘শাহাবুদ্দিন যে দোকানঘরে ব্যবসা করছেন কাশেম মেম্বার ও আমি ওই জায়গা কিনি। শনিবার রাতে জায়গার দখল নিতে গেলে শাহাবুদ্দিনের সঙ্গে আমাদের সংঘর্ষ বাঁধে।’মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতে সাত্তার ও মিজানুরকে এবং গতকাল রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনজন ও কাসেম মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত শাহাবুদ্দিনের স্ত্রী মেহেরুন্নেছা।