পিটিয়ে ও কুপিয়ে যুবক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মীরহাজিরবাগে গত বুধবার মধ্যরাতে মো. রাসেল (২৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাসেল সন্ত্রাসী ছিলেন। তবে রাসেলের পরিবারের দাবি, তিনি পরিবহন ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও রাসেলের পারিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মীরহাজিরবাগে একদল দুর্বৃত্ত রাসেলকে পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। রাসেলের ভগ্নিপতি মো. রুবেল হাসপাতালের মর্গে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রাসেল দুটি পিকআপের মালিক। মঙ্গলবার স্থানীয় সন্ত্রাসী সুমন ও সাংবাদিক নামধারী প্লাবন সরকার রাসেলের প্রতিবেশী সোহেলকে মারধর করেন। রাসেলের সহযোগিতায় সোহেল যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা রাসেলকে খুন করেছেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, রাসেল ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে সুমন, প্লাবন সরকার ও তাঁদের সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।