পিটিয়ে ছাগল হত্যা দুজনকে আসামি করে মামলা
টমেটোখেত ছাগল নষ্ট করে দেয়। এ অবস্থায় খেত থেকে ছাগল তাড়াতে লোক রাখেন চাষি। গত বৃহস্পতিবার বিকেলে একটি ছাগলকে মারধর করে তাড়িয়ে দেওয়া হলে সেটি মারা যায়। ছাগলের মালিক থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে হত্যার আলামত পায়। মামলার আসামিকে এখন খুঁজছে পুলিশ। ঘটনাটি সিলেটের জালালাবাদ থানা এলাকার। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জলালাবাদ থানা এলাকার হাটখোলা ইউনিয়নের মেঘারগাঁওয়ের মোসামঞ্চৎ আছারুন বেগম তাঁর গৃহপালিত ছাগল পিটিয়ে মারা হয়েছে বলে থানায় একটি অভিযোগ করেন। পুলিশ ‘ছাগল হত্যা করে অনিষ্ট সাধন’ অভিযোগে ৪২৮ ধারায় মামলাটি গ্রহণ করে। পরদিন মৃত ছাগলের ময়নাতদন্ত সম্পন্ন করে হত্যার আলামত পাওয়ায় একই গ্রামের টমেটোচাষি সৈয়দ মিয়া (৩০) ও তাঁর ভাই বাবুল মিয়াকে (২৫) আসামি করে মামলা নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ কামাল মিয়া জানান, ময়নাতদন্তে ছাগল হত্যার আলামত পাওয়ায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে। মামলার বাদী জানান, প্রায় ১৮ মাস বয়সী ছাগলটি তিনি কোরবানির ঈদের হাটে বিক্রির জন্য প্রতিপালন করেন। টমেটোখেতে গেলেও এভাবে নির্দয়ভাবে পিটিয়ে মেরে ফেলায় তিনি এলাকাবাসীর পরামর্শে মামলা করেন।