রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রের নাম আবদুল হান্নান। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হলের কয়েকজন আবাসিক ছাত্র বলেন, আবদুল হান্নান হলের ২৫৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য আবদুল্লাহ আল বাকীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন পক্ষের সাত-আটজন কর্মী শিবির সন্দেহে হান্নানকে হলের ২৪০ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রড ও লাঠি দিয়ে তাঁকে পেটাতে থাকেন ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে হান্নানের বাঁ পা ভেঙে গেলে পেটানো বন্ধ করা হয়। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় হান্নানকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের মারধরে হান্নানের বাঁ পা ভেঙে গেছে। ডান পায়েও গুরুতর জখম হয়েছে।
জানতে চাইলে আবদুল্লাহ আল বাকী বলেন, ‘হান্নান মাদার বখশ হল শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক। সে হলে শিবিরের কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিল। এ কারণে তাকে মারধর করা হয়েছে।’ তৌহিদ আল হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে ক্যাম্পাসের বাইরে আছি। এ ধরনের ঘটনার কথা আমার জানা নেই।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল করিম বলেন, মাদার বখশ হলে এক শিক্ষার্থীকে মারধরের কথা জানতে পেরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।