পিটিয়ে জখম করার পর উল্টো মামলা
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আলী মুর্তুজা নামে (২০) ছাত্রদলের এক কর্মীকে রোববার পিটিয়ে আহত করার পর তাঁকেসহ ছাত্রদলের ছয়জন নেতা-কর্মীর নামে থানায় মামলা করা হয়েছে। হাকিমপুর পৌর শাখা ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আবদুল হাকিম ওরফে প্যারিস মামলাটি দায়ের করেন। এদিকে আলী মর্তুজা গতকাল সোমবার জানান, তাঁকে পিটিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগের ১০-১২ জনের নামে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।ছাত্রদল উপজেলা শাখার সভাপতি নেজামউদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল অভিযোগ করেন, হাকিমপুর ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের কর্মী আলী মর্তুজাকে পিটিয়ে জখম করেন। আবার তাঁরাই উল্টো প্যারিসকে দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের নামে এই মিথ্যা মামলা করেছেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রোববার রাত নয়টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ হাকিমপুর ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক সুমন মণ্ডলের নেতৃত্বে আট-দশজন বহিরাগত সন্ত্রাসী আলী মর্তুজাকে স্থানীয় হাসপাতাল মোড় থেকে কলেজে ধরে এনে মারধর করে।