পিটিয়ে তিন ছাত্রকে হাসপাতালে পাঠালেন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরুর আগে সমাবেশে (অ্যাসেম্বলি) শতাধিক ছাত্রকে পিটিয়েছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ। আহতদের মধ্যে তিন ছাত্রকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে খবর পেয়ে প্রথম আলো ও এনটিভির সাংবাদিকেরা ওই স্কুলে গেলে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগ এনে অধ্যক্ষ তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে বিদ্যালয়ের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহ বেতের লাঠি দিয়ে ছাত্রদের পেটানোর কথা স্বীকার করে বলেন, ‘ছেলেরা স্কুলের নিয়মশৃঙ্খলা মানে না, তাই শাসন করেছি, বাবার আসন থেকে মেরেছি। কতজনকে মেরেছি হিসাব করিনি।’প্রত্যক্ষদর্শী একাধিক অভিভাবক বলেন, সকাল সোয়া আটটার দিকে স্কুলের অ্যাসেম্বলির লাইনে দাঁড়ানো ছাত্রদের পেছন থেকে গণহারে পেটানো শুরু করেন অধ্যক্ষ। আঘাত সহ্য করতে না পেরে কয়েকজন ছাত্র দৌঁড়ে পালাতে গেলে তাদের ধরে আবারও পেটানো হয়। এভাবে নবম ও দশম শ্রেণীর শতাধিক ছাত্রকে পেটানো হয়।শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলে কোচিং না করায় ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের পেটান। ঘটনার পর এক শিক্ষক গুরুতর আহত নবম ও দশম শ্রেণীর তিন ছাত্রকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।এদিকে স্কুল ছুটির পর গতকাল বিকেলে কয়েকজন অভিভাবক প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয়ে ফোন করে ওই অধ্যক্ষের অপসারণ দাবি করেন।