পিটিয়ে বাদীর হাত-পা ভেঙে দিয়েছে আসামিপক্ষ
মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছিলেন। তা বছর দুই আগের কথা। মামলার আসামিরা এখন জেলে। সম্প্রতি বিবাদীপক্ষের লোকজন ওই বাবাকে মারপিট করে হাত-পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি এ ঘটনা ঘটে।তবে বিবাদীপক্ষ-সমর্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য দাবি করেছেন, তাঁদের (বিবাদী) নিয়ে বাদীপক্ষ ব্যঙ্গ-বিদ্রূপ করায় দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে ওই ব্যক্তি আহত হন।১০ জুনের ঘটনায় আহত ওই বাবা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এ ব্যাপারে ১৩ জুন ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেছেন। আদালত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কালীগঞ্জ থানাকে নির্দেশ দেন। ওই বাবা জানান, ২০০৯ সালে তাঁর মেয়েকে একই গ্রামের শিমুল, জহুরুল এবং পার্শ্ববর্তী আরেক গ্রামের হাসান ধর্ষণ করে। সে সময় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পুলিশ শিমুল ও হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তারা এখন কারাগারেই আছে। কিন্তু অপর আসামি জহুরুল বিদেশে পালিয়ে গেছে। আসামিপক্ষের লোকজন এত দিন চুপ থাকলেও মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য ওই বাবার ওপর চাপ দিচ্ছিল। এতে তিনি রাজি না হওয়ায় তাঁকে মারপিট করে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন জানান, বিবাদীপক্ষের লোকজন দীর্ঘদিন গ্রামছাড়া ছিল। নির্বাচনের সময় তারা বাড়ি আসে। ধর্ষণের ঘটনায় যাদের আসামি করা হয়েছিল, তারা কারাগারে আছে। অথচ তাদের পক্ষের লোকজন গ্রামে আসার পর তাদের নানাভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করেন বাদী; যে কারণে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ওই ব্যক্তি আহত হন।১৩ জুন দায়ের করা মামলা প্রসঙ্গে জানতে চাইলে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খসরুজ্জামান জানান, ১৯ জুন পর্যন্ত আদালত থেকে তাঁরা কোনো নির্দেশনা পাননি। পেলে ব্যবস্থা নেবেন।