পিটিয়ে মেছো বাঘ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি মেছো বাঘ গ্রামবাসীর পিটুনিতে গুরুতর জখম হয়ে মারা গেছে। বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকায় গত মঙ্গলবার বিকেলে একটি মেছো বাঘ ঢুকে পড়ে। লোকজন লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে ধাওয়া করে। মেছো বাঘটি একটি সবজিখেতে আশ্রয় নিলে লোকজন সেখানে গিয়ে পেটালে বাঘটি আহত হয়। ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল ইসলাম খান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে মেছো বাঘটিকে আহতাবস্থায় উদ্ধার করে বন বিভাগের কুলাউড়া রেঞ্জের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। ওই দিন রাতে মেছো বাঘটিকে মৌলভীবাজারের বন্য প্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের কার্যালয়ে পাঠানো হয়। গতকাল ভোর রাতের দিকে বাঘটি মারা যায়।বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহবুব আলম বলেন, সদর হাসপাতালে মৃত মেছো বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।