‘২০০১ সালের নির্বাচনের পর ৩ অক্টোবর বিএনপির সমর্থক কালাম হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী আমার বাড়িতে বোমা ফাটায় ও ভাঙচুর করে। তারা গরু-বাছুর ও মালামাল লুট করে। পিটিয়ে আমার স্বামীর কোমর ভেঙে দেয়। একপর্যায়ে দুই সন্ত্রাসী আমার স্বামীকে বেঁধে আমাকে ধর্ষণ করে। ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।’২০০১ সালের নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সদস্যদের কাছে গতকাল সোমবার এভাবে অভিযোগ করেন গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের আওয়ামী লীগের এক সমর্থকের স্ত্রী (৩৫)।কমিশনের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ (অব.) মো. শাহবুদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল গতকাল বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৩৬০ জন নির্যাতিত ব্যক্তির লিখিত জবানবন্দি নেন এবং ছবি সংগ্রহ করেন। গৌরনদী ও আগৈলঝাড়ায় জেলা পরিষদ ডাকবাংলোয় তাঁদের জবানবন্দি নেওয়া হয়।কমিশনের চেয়ারম্যান শাহবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গৌরনদী ও আগৈলঝাড়ায় নির্যাতনের চিত্র ভয়াবহ। এ এলাকায় ধর্ষণ, গণধর্ষণ ও হামলায় পঙ্গুত্ববরণের মতো অনেক ঘটনা ঘটেছে।’ পরে তদন্ত কমিশনের সদস্যরা ২০০১ সালে নির্বাচনের পর নির্যাতনের শিকার চাঁদশী গ্রামের কৃষ্ণকান্ত দে, বাগমারা গ্রামের সোহরাব হোসেন, ইল্লা গ্রামের প্রণব রঞ্জন দত্তের বাড়ি পরিদর্শন করে হামলার আলামত প্রত্যক্ষ করেন।