পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউল করিম হত্যা
রেজাউল করিম হত্যা

কারাগার থেকে স্বজনদের কাছে চিঠি লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার দুই আসামি। এতে তাঁরা অভিযোগ করেছেন, নির্যাতনের মাধ্যমে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে।
অধ্যাপক রেজাউল হত্যা মামলার আসামি আবদুস সাত্তার ও তাঁর ছেলে রিপন আলীকে কারাগারের ২০ নম্বর সেলে রাখা হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের নারকেলবাড়িয়া পূর্বপাড়া গ্রামে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অধ্যাপক রেজাউল খুনের সঙ্গে সরাসরি জড়িত আসামি মাসকাওয়াত হাসানকে তাঁরা বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এবং খুনের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি তাঁদের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২২ মে আদালতে দেওয়া জবানবন্দিতে আবদুস সাত্তার ও রিপন এ অভিযোগ স্বীকার করেন।
আদালতে স্বামী ও ছেলের জবানবন্দি দেওয়ার প্রসঙ্গে গত বুধবার রমেছা খাতুন প্রথম আলোকে বলেন, পুলিশের নির্যাতনের কারণে তাঁরা জবানবন্দি দিয়েছেন। ২৯ মে পাওয়া পাঠানো চিঠিটি বের করে দেখান তিনি। তাঁকে উদ্দেশ করে লেখা চিঠিতে আবদুস সাত্তার বলেন, পুলিশ তাঁদের মেরে এই মামলায় স্বীকারোক্তি আদায় করে নিয়েছে। এ জন্য আইনজীবীকে বলে স্বীকারোক্তি প্রত্যাহার করার জন্য দরখাস্ত করতে হবে। তা যত দ্রুত সম্ভব করতে হবে।
চিঠিটি সত্যিই কারাগার থেকে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করার জন্য চিঠির ফটোকপি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খানের কাছে নিয়ে যাওয়া হলে তিনি নথিপত্রের সঙ্গে মিলিয়ে এবং ডেপুটি জেলার সঙ্গে কথা বলে নিশ্চিত করেন যে চিঠিটি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকেই গেছে। জেল সুপার বলেন, কারাগার থেকে চিঠিপত্র যাচাই-বাছাই করে ছাড়া হয়। তা না হলে বন্দীরা আপত্তিকর কিছু লিখে ফেলতে পারেন।
জেল সূত্র জানিয়েছে, কারাগারের নিয়ম অনুযায়ী মুখের কথা শুনে দায়িত্বপ্রাপ্ত একজন লোক বন্দীদের চিঠি লিখে দেন। ২৮ মে চিঠিটি লিখে দেন জেলের এক কর্মচারী।চিঠিটি পড়ে সেটি অনুমোদন করে স্বাক্ষর করেন ডেপুটি জেলার নুরুল মোবিন। ২০ নম্বর সেল থেকে চিঠিটি ছাড়া হয়েছে। ২৯ মে সাধারণ ডাকে চিঠিটি বাড়ির ঠিকানায় পাঠানো হয়।
পুলিশি নির্যাতনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, আসামিরা নিজের থেকেই আদালতে সব বলেছেন। পুলিশ কিছু বলতে বাধ্য করেনি।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী শহরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক রেজাউলকে। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ১২ জন জেএমবি সদস্য ও শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে হাফিজুর রহমান কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।