আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন এ ঘটনার পর করা ডাকাতি মামলার বাদী আবদুল মালেক ও আবদুল হামিদ। গতকাল রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এ ঘটনায় পুলিশের দায়ের করা একটি হত্যা মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, ১৯ মার্চ রাতে বালু ব্যবসায়ী আবদুল মালেক ও আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের অনুমতি নিয়ে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত শনিবার তাঁদের আদালতে নিয়ে আবারও চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। এবারের রিমান্ডের প্রথম দিনেই তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।সিআইডি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, জবানবন্দিতে আবদুল মালেক ও আবদুল হামিদ বলেছেন, ১৭ জুলাই রাতে তাঁরা দুজনসহ বড়দেশী গ্রামের ২০-২৫ ব্যক্তি ডাকাত সন্দেহে ওই ছয় ছাত্রকে হত্যা করে। মালেক ও হামিদ ছয় ছাত্রের হত্যাকারী হিসেবে বেশ কয়েকজনের নামও বলেছেন। মালেক কেন আগ বাড়িয়ে ডাকাতির মামলা করলেন, তার কোনো ব্যাখ্যা দিয়েছেন কি না—জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা মালেক দেননি। তিনি শুধু বলেছেন, গ্রামের লোককে বাঁচানোর জন্য ওই ছয় ছাত্রের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আর সাভার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো যাচাই না করেই মামলাটি গ্রহণ করেছেন। নিহত ছয় ছাত্রের স্বজনেরা বলেছেন, সাভার থানার তখনকার ওসি মাহাবুবুর রহমান চাপ সৃষ্টি করে ওই ডাকাতির মামলাটি করিয়েছিলেন। স্বজনেরা বলেছেন, ঘটনার পর থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লোকজন তাঁদের এ তথ্য জানিয়েছেন। নিহত ছাত্র কামরুজ্জামান ওরফে কান্তর বাবা আবদুল কাদের সুরুজ বলেন, ‘ওসি মাহাবুব কেন আগ বাড়িয়ে ডাকাতির মামলাটি করালেন, তা আমাদের বোধগম্য নয়। এ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য অবশ্যই তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।’ ২০১১ সালের ১৭ জুলাই রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর সাভার থানায় দুটি মামলা হয়। এর মধ্যে নিহত ছয়জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মালেকের করা মামলায় বলা হয়, ওই তরুণেরা ক্যাবলার চরে তাঁর বালুর গদিতে গিয়ে পাঁচ হাজার টাকা লুটে নেয়। এরপর পাশের একটি গদিঘরে গেলে তিনি চিৎকার দেন। এ সময় গ্রামের লোকজন এসে তাঁদের আটক করে পিটুনি দিলে ছয়জন মারা যায়। হত্যার ঘটনায় করা মামলার বাদী সাভার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।