পিটুনি ও মামলার পর বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভায় উপস্থিত কয়েকজন জানান, উপজেলা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক সাব্বির চৌধুরী ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কারের প্রস্তাব তোলেন। তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে ওই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গ্রুপিং সৃষ্টি ও চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়।
গত বুধবার সালথা উপজেলা পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মো. ওহিদুজ্জামানের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে তাঁর ও দেলোয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া খেলার মাঠে এ ঘটনা ঘটে। ওই সংঘর্ষ ঠেকাতে গেলে দেলোয়ার পিটুনিতে আহত হন। এরপর পুলিশ তাঁকে আটক করে। সভাস্থল থেকে আনোয়ার পালিয়ে যান। রাতে সালথা থানায় ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার মোল্লা সভায় গোলযোগ সৃষ্টির অভিযোগে দেলোয়ার ও আনোয়ারকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। দেলোয়ারকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।