পিটুনিতে আহত দুলাভাইয়ের মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শ্যালকদের পিটুনিতে আহত আবদুল হাকিম (৫০) নামে এক ব্যক্তি গতকাল শনিবার মারা গেছেন। আবদুল হাকিম উপজেলার দেওপাড়া ইউনিয়নের কানাইডাঙা গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও গোদাগাড়ী থানার পুলিশ সূত্র জানায়, আবদুল হাকিমের শ্বশুর মৃত আশির উদ্দীনের জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁর সঙ্গে শ্যালকদের দ্বন্দ্ব চলছিল। গত শুক্রবার সন্ধ্যায় আবদুল হাকিম তাঁর শ্বশুরবাড়ি উপজেলার চাঁপাল কানাইডাঙা গ্রামে যান। এ সময় ওই দ্বন্দ্বের জের ধরে ওই দিন রাতে তাঁর সম্বন্ধী সোহরাব হোসেন (৭০) ও আশরাফ উদ্দীন (৬৫), সোহরাবের ছেলে লাইজুল হক (২৬), একই এলাকার আজিমুল হকসহ (৬৫) কয়েকজন তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল সোহরাব হোসেন, আশরাফ উদ্দীন, লাইজুল হক ও আজিমুল হককে তাঁদের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ গতকাল রাত ১০টার দিকে মুঠোফোনে বলেন, এ ঘটনায় নিহত হাকিমের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।