পিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, যুবককে খুন
গাজীপুর পৌরসভার নীলের পাড়া এলাকায় গত শুক্রবার রাতে জনতার পিটুনিতে রাসেল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পিটুনিতে আহত হয়েছে রুহুল আমিন (২৫) নামের অপর এক যুবক। পুলিশের ভাষ্যমতে, হতাহত ব্যক্তিরা ছিনতাইকারী। রাসেলের বাড়ি পৌরসভার মারিয়ালি এলাকায়।এদিকে জয়দেবপুর থানার পুলিশ গতকাল শনিবার সকাল ১০টার দিকে নীলের পাড়া এলাকায় পূবাইল সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় বিদ্যুতের তার প্যাঁচানো ছিল।এলাকাবাসী ও পুলিশ জানায়, নীলের পাড়া এলাকার রেজাউল বাশার স্থানীয় বাঙ্গালগাছ এলাকায় মুঠোফোন ও টেইলারিংয়ের ব্যবসা করেন। কাজ শেষে শুক্রবার রাত নয়টার দিকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রেজাউল। পথে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি তাঁর গতিরোধ করে। তারা রেজাউলের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা ও মুঠোফোনের সেট ছিনিয়ে নেয়। এ সময় বাঁধা দিলে ছিনতাইকারীরা রেজাউলকে একাধিক ছুরিকাঘাত করে। রেজাউলের চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী রাসেল ও রুহুল আমিনকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় রাসেল ও রুহুলকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। রাতে রাসেলের অবস্থার অবনতি হলে চিকিত্সকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে স্থানান্তরের পথে রাসেলের মৃত্যু হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, আহত ছিনতাইকারী রুহুল আমিন জানিয়েছে রাসেল, লিমন ও জুয়েলসহ তিনি ছিনতাই কাজে অংশ নেন। ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যবসায়ী রেজাউলের ভাই কাকুল হাসান গতকাল চার ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া পিটুনিতে রাসেলের মৃত্যুর ঘটনায় পুলিশ আরেকটি মামলা করেছে।অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার প্রসঙ্গে ওসি আবদুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ ও গলায় ছুরি চালিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।