পিটুনিতে তিনজন নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলার বড়ইয়া এলাকার কৃষ্ণপুর সেতুর কাছে গত শনিবার রাতে গ্রামবাসীর পিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার নূরপুর গ্রামের আবদুল হালিম (২০), মোহাম্মদপুর গ্রামের ইব্রাহিম (১৮) ও একই গ্রামের নাছির আহমেদ (২২)।পুলিশ গ্রামবাসীর বরাত দিয়ে জানায়, নিহত ব্যক্তিরা ডাকাত ছিল। তবে নিহতদের এক আত্মীয় দাবি করেছেন, তাঁরা ডাকাত ছিলেন না, রাজমিস্ত্রীর কাজ করতেন। এ ঘটনায় চান্দিনা থানা পুলিশ অজ্ঞাতনামা এক হাজার লোকের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং ডাকাতির প্রস্তুতির দুটি মামলা করেছে। মামলার বাদী চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গ্রামবাসীর বরাত দিয়ে জানান, শনিবার রাত নয়টার দিকে বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মো. আক্তার হোসেন তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। বড়ইয়ার কৃষ্ণপুর সেতুর কাছে পৌঁছালে সাত-আটজন ব্যক্তি অটোরিকশার গতিরোধ করে অস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে। এ সময় তাঁদের চিৎকার শুনে আশপাশের গ্রামের লোকজন এসে তিনজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তির মৃত্যু হয়।তবে নিহত আবদুল হালিমের চাচা আবদুল মোতালেব প্রথম আলোর কাছে দাবি করেন, নিহত তিনজন কৃষ্ণপুর থেকে রাজমিস্ত্রীর কাজ শেষে টাকা নিয়ে নয়টার দিকে দাউদকান্দি ফিরছিলেন। পথে দুষ্কৃত ব্যক্তিরা পিটুনি দিয়ে তাঁদের হত্যা করে।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার জানান, খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ রাতেই দুটি চাপাতিসহ তিনটি লাশ উদ্ধার করে। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত করলে মূল রহস্য উদঘাটিত হবে। মাদকসেবীর লাথিতে মৃত্যুচান্দিনার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে আবুল কাশেম নামের এক যুবকের লাথিতে জ্যোৎস্না বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। চান্দিনা থানার এসআই বিকাশ সরকার প্রথম আলোকে বলেন, কাশেম মাদকাসক্ত হওয়ায় তাঁর মা সংসারের টাকা পাশের বাড়ির জ্যোৎস্না বেগমের কাছে রাখতেন। কাশেম গতকাল ওই টাকা আনতে গেলে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর লাথিতে জ্যোৎস্নার মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যান কাশেম। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।