পিটুনিতে দুই ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত সদস্যরা হলেন রসুল্লাহবাদ ইউনিয়নের রসুল্লাহবাদ গ্রামের খন্দকার আবদুল হক (৪৫) এবং একই উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মো. ইয়াছিন (৪০)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে জগন্নাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সেন্টু মিয়ার বাড়িতে ১০-১৫ জনের একদল ডাকাত হামলা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ডাকাত দলের সদস্যদের ধাওয়া দেন। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে গেলেও আবদুল হক ও ইয়াছিন গণপিটুনির শিকার হন। গণপিটুনি শেষে স্থানীয় লোকজন তাঁদের গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ডাকাতকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।