পিটুনির পর চোখ তুলে নিয়েছে জনতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার জিয়লমারী সেতুর কাছে গত শুক্রবার রাতে ডাকাত সন্দেহে তিন যুবককে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় দুই যুবকের চোখ উপড়ে ফেলে তারা। ওই যুবকদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ আহত যুবকদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বাগেরহাট হাসপাতালের চিকিৎসক সুমন সাহা জানান, পুলিশ শুক্রবার রাত দুইটার দিকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। দুজনের চারটি চোখই তুলে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গণপিটুনির শিকার যুবকেরা হলেন মংলা উপজেলার বাঁশতলা গ্রামের সাহেদ শেখ (২৬) ও আল আমিন শেখ (২৭) এবং জয়মনি ঘোল গ্রামের বিজয় মণ্ডল (২৭)। এঁদের মধ্যে সাহেদ ও বিজয়ের চোখ উপড়ে ফেলা হয়েছে।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন মুঠোফোনে জানান, তুলনামূলক কম আহত আল আমিনকে থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আল আমিন জানিয়েছেন, তাঁরা সুন্দরবনের বনদস্যু মোতালেব বাহিনীর সদস্য। মোটরসাইকেলযোগে শরণখোলা থেকে অস্ত্র নিয়ে মংলায় ফেরার পথে জিয়লমারী সেতুর কাছে কয়েকজন গ্রামবাসী তাঁদের পথ আটকে পরিচয় জানতে চায়। একপর্যায়ে তাঁদের শরীর তল্লাশি করে অস্ত্র পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁদের পিটুনি দেওয়া হয়। গ্রামবাসী তাঁদের দুজনের চোখ তুলে নেয় এবং মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ওসি জানান, তিন যুবক সম্পর্কে তথ্য জানতে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।রামপাল থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন গতকাল যুবকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। গণপিটুনি ও চোখ তুলে নেওয়ার ঘটনায় কয়েক শ গ্রামবাসীকে আসামি করা হয়েছে।