পিটুনির পর দুঃখ প্রকাশ
নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষক গত সোমবার অষ্টম শ্রেণীর তিন ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়েছেন। গতকাল মঙ্গলবার পরিচালনা কমিটির ডাকা এক বৈঠকে ওই ঘটনার জন্য চার শিক্ষক দুঃখ প্রকাশ করেছেন।আহত তিন ছাত্র হচ্ছে, মুন্না সরকার, মানিক ও রাব্বী। পেটানোর পর তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গতকাল দুপুরে ওই ঘটনা নিয়ে পরিচালনা কমিটির উদ্যোগে সমঝোতা বৈঠক হয়। এতে অভিভাবক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে ওই শিক্ষকেরা তাঁদের আচরণের জন্য অনুতপ্ত হয়েছেন এবং এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।ছাত্রদের অভিযোগ, গত সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষক পাঠদান শেষে শিক্ষকদের কামরার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে এক ছাত্র ওই শিক্ষকের নাম ধরে ডাকে। এতে ক্ষিপ্ত হন তিনি। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে শিক্ষকেরা মুন্না, মানিক ও রাব্বীকে শিক্ষকদের কামরায় ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটান।মুন্না, মানিক ও রাব্বী দাবি করে, তারা কেউই ওই শিক্ষকের নাম ধরে ডাকেনি। তার পরও শিক্ষকেরা তাদের লাঠি দিয়ে পিটিয়েছেন।অধ্যক্ষ আফসার আলী ছাত্রদের এভাবে প্রহার করায় দুঃখ প্রকাশ করে বলেন, এ ব্যাপারে সমঝোতা হয়েছে। পরিচালনা কমিটির সদস্য ও সমঝোতা বৈঠকের সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম বলেন, ‘ছাত্র-শিক্ষক যেই অন্যায় করুক, কমিটি সঠিকভাবে সমস্যার সমাধান করবে। শিক্ষকদের বিষয়টিরও সমঞ্চানজনক সমাধান হয়েছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান জানান, ছাত্রদের বেত্রাঘাত বা শারীরিকভাবে প্রহার না করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কোনো শিক্ষক এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকলে তিনি অন্যায় করেছেন।