পিটুনির শিকার শিক্ষককে বগুড়া মেডিকেলে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় চেয়ারম্যান ও তাঁর অনুসারীদের মারপিটে আহত ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত রফিকুল ইসলাম জানান, তাঁকে জরুরি বিভাগের সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক শিবলী হোসেন জানান, তিনি শঙ্কামুক্ত। তাঁর সারা শরীরে ফোলা জখম দেখা গেছে। তিনি মুখমণ্ডল, হাতের আঙুল ও বাম পায়ে বেশি আঘাত পেয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানের এক্স-রে করা হয়েছে। সোমবার (আজ) এক্স-রে প্রতিবেদন পাওয়া যাবে।

ওই শিক্ষক আরও জানান, চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় তিনি এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে পারেননি।

তবে প্রথম আলোয় খবর পড়ে সিংড়া থানার এক উপপরিদর্শক ফোন করে তাঁর খোঁজখবর নিয়েছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দিয়েছেন। সোমবারএ ব্যাপারে অভিযোগ দাখিল করবেন বলে জানান তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, পত্রিকা পড়ে তাঁরা ঘটনাটি জেনেছেন। তবে আহত শিক্ষকের পক্ষ থেকে কেউ অভিযোগ দেননি। তাঁদের অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ও তাঁর অনুসারীরা ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে লাঠিপেটা করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে প্রথম আলোয় রোববার ‘সিংড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে পেটানোর অভিযোগ’ শিরোনামে খবর ছাপা হয়। তবে চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করেছেন।