পিটুনির শিকার সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুরের অভিযোগে আটক বিএনপির একজন কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ছবি তুলতে গেলে প্রথম আলোর আলোকচিত্রীসহ তিন সাংবাদিক আহত হন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত তিন সাংবাদিক হলেন প্রথম আলোর আলোকচিত্রী সৌরভ দাশ, আমাদের সময়-এর এস এম তামান্না এবং বণিক বার্তার গোলাম আলী মর্তুজা। দুর্বৃত্তরা ইট দিয়ে তামান্নার মাথা থেঁতলে দেয়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল বের হয়। মিছিলটি নগরের আসকার দীঘির পাড় এলাকা পার হওয়ার সময় মিছিল থেকে কিছু লোক কর্ণফুলী টাওয়ারের নিচে রাখা বেসরকারি টিভি চ্যানেল ‘সময়’-এর একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। স্থানীয় লোকজন ও গণমাধ্যমের সাংবাদিকেরা ধাওয়া করে শেখ রাসেল (৩০) নামের এক হামলাকারীকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। রাসেলকে কাজীর দেউড়ির মোড়ের দিকে নিয়ে যাচ্ছিল পুলিশ। একই সময় নগরের আন্দরকিল্লা থেকে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের করে হেফাজতে ইসলাম। ওই মিছিলে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীরা ঢুকে পড়েন। মিছিলটি নগরের বিপণিবিতানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে এসে পৌঁছেই বিএনপির কর্মীরা রাসেলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার ছবি তুলতে যান প্রথম আলোর আলোকচিত্রী সৌরভ দাশ। এ সময় পেছন থেকে তাঁকে ইট ও লাঠি দিয়ে পিঠ ও পায়ে আঘাত করেন জামায়াতের চিহ্নিত লোকজন। সৌরভ হেফাজতের কর্মীদের ভিড়ে মিশে গিয়ে আত্মরক্ষা করেন। ততক্ষণে হামলাকারীরা পুলিশের কাছ থেকে রাসেলকে ছিনিয়ে নিয়ে যান। সৌরভের ওপর হামলার কিছুক্ষণের মধ্যেই কাজীর দেউড়ি মোড়ে ছাত্রলীগ সন্দেহে এক পথচারীকে মারধর করে হরতাল-সমর্থকেরা। এ ঘটনার ছবি তুলতে গেলে আবার সাংবাদিকদের ওপর হামলা চালান মিছিলকারীরা। এ সময় হামলাকারীরা ইট দিয়ে তামান্নার মাথা থেঁতলে দেন এবং ভেঙে দেন ক্যামেরা। এ সময় আবার সৌরভ ও গোলাম আলী মর্তুজার ওপর চড়াও হন মিছিলকারীরা। তাঁরা দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান। কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘তিন সাংবাদিকের ওপর হামলাকারীরা হেফাজতে ইসলামের মিছিলে মিশে যান। তাঁরা ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হতে পারেন।’