পিঠা উৎসবে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা কলেজ মাঠে গতকাল শুরু হয়েছে পিঠা মেলা l ছবি: প্রথম আলো
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা কলেজ মাঠে গতকাল শুরু হয়েছে পিঠা মেলা l ছবি: প্রথম আলো

পিঠা মেলাকে ঘিরে এলাকায় এক সপ্তাহ ধরে উৎসবের আমেজ চলছে। বাড়িতে বাড়িতে এসেছে আত্মীয়স্বজন। রাত জেগে তৈরি করা হয়েছে পিঠাপুলি। প্রতিবারের মতো এবারও নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে গতকাল শনিবার শুরু হয়েছে পিঠা মেলা। এ মেলাকে ঘিরেই এলাকায় এই আমেজ। চলবে দুদিন।
গতকাল সকালে মেলা উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ছাড়া এলাকার সর্বস্তরের মানুষ। এ যেন এক মিলনমেলা।
মেলার স্টলের ছিল বাহারি নাম যেমন নন্দন, রূপসী, রসের হাঁড়ি, রসালো, বনফুল, নকশা, মণিকা পিঠাঘর, মনে পড়ে যায়, বাহারি, একটুখানি ইত্যাদি। দুধচিতই, রসচিতই, পাতাপিঠা, কুলিপিঠা, ফুলপিঠা, খেজুরপিঠা, দুধরুটি, লাভপিঠা, ডিমপিঠা, নারকেল চিড়া, ত্রিভুজপিঠা, গোলাপপিঠা, তারাপিঠা, পাটিসাপ্টা, ঝুরিপিঠা, তালপিঠা, চুষিপিঠা, বিস্কুটপিঠা, বরফিপিঠা, ভাপাপিঠা, দুধকুলি, আনদোসা, রসপাকান, খড়েপাকান, ফুলপাকান, পদ্মপাকান, ভাজাপিঠা, তকতিপিঠা, নকশাপিঠা, সিরিঞ্জপিঠা, আদিপাকান, আপেলপিঠা, নাড়ুসহ ছিল হরেক রকমের পিঠার আয়োজন।
আমাদা আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তন্নি মৃধা বলে, এ যেন এক অন্য রকম আমেজ, অন্য রকম উৎসব।
কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান বলেন, শিক্ষার পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি জাগিয়ে তুলতে কলেজের আয়োজনে ২০১৪ সাল থেকে এ পিঠা মেলার আয়োজন করা হচ্ছে।