পিঠা খাওয়ার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান কাটা শেষ। এখন চলছে নবান্ন উৎসব। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এখন তাই পিঠা খাওয়ার ধুম পড়েছে। বাড়ি বাড়ি চলছে নানা আয়োজন। অনেকের বাড়ি ভরে গেছে আত্মীয়স্বজনে।
গত বৃহস্পতিবার উপজেলার রণতিথা, ধানগড়া, মহেশপুর, রঘুনাথপুরসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় এমন চিত্র। ধানগড়া এলাকার গৃহবধূ মনোয়ারা বেগম বলেন, শীতের এ সময়ে সবাইকে নিয়ে পিঠা খাওয়ার নিয়ম অনেক আগে থেকেই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক রুখসানা খাতুন বলেন, ভাপা পিঠা, কলার পিঠাসহ বেশ কিছু পিঠার পর এখন বাকি আছে মজাদার দুধ পিঠা খাওয়া।
রঘুনাথপুরের ইয়াকুব হোসেন বলেন, মেয়ে-জামাই আর নাতি-নাতনিদের কলরবে বাড়ি উৎসবমুখর হয়ে উঠেছে। দুধপিঠাসহ শীতের নানা রকম পিঠা খাওয়ার ধুম পড়েছে বলে তিনি জানান।
ধানগড়া এলাকার প্রবীণ নূরবানু বেগম ও আক্তারুন্নেছা বেগম বলেন, আগে পিঠা বানানোর ধান আলাদা করে সিদ্ধ করে চাল বানাতে হতো। সেই চালের গুঁড়া তৈরি করে রাত জেগে পিঠা বানাত সবাই। এখন তো এসব মেশিনেই করা হয়। তবু পিঠা খাওয়া উপলক্ষে মেয়ে-জামাই আর নাতি-পুতিরা একসঙ্গে আসে বলে এ কয়টা দিন আনন্দে কাটে বলে জানান তাঁরা।