পিঠা খাওয়ার ধুম পড়েছে
আমন ধান ঘরে উঠেছে। শীত আসার সঙ্গে সঙ্গে খেজুর গুড়ও এসে গেছে। পিঠা তৈরির এসব উপকরণ হাতে আসায় শীতকালীন পিঠাপুলি খাওয়ার ধুম পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামে গ্রামে।
গতকাল শুক্রবার উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া, বাশুড়িয়া, ক্ষুদ্রসাদরা, লাহোর, নলছিয়াসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বেশির ভাগ পরিবারে পিঠা তৈরি হচ্ছে। কেউ পরিবারের সদস্যদের জন্য পিঠা তৈরি করছেন। আবার কেউ কেউ আত্মীয়-স্বজনকে দাওয়াত করে পিঠা দিয়ে আপ্যায়ন করছেন।
বেতুয়া গ্রামের শামসুল হক বলেন, প্রতিবছর এই সময়ে গ্রামে ওয়াজ-মাহফিল হয়। এ উপলক্ষে অনেক পরিবারেই আত্মীয়-স্বজন আসেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। কয়েক দিন ধরে গ্রামে যেন পিঠার উৎসব শুরু হয়েছে।
একই গ্রামের কলেজছাত্রী হাবিবা খাতুন বলেন, ‘অন্যান্য গ্রামে পিঠা তৈরি উপলক্ষে বিচ্ছিন্নভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই সময়টায় আমাদের গ্রামে একসঙ্গে প্রায় সব বাড়িতে পিঠা বানানো হয়। এ যেন কে কত রকম পিঠা বানাতে পারে তার প্রতিযোগিতা। এ কারণে আনন্দের মাত্রাও বেশি হয়।’
পাশের বাশুড়িয়া গ্রামের আলতাব হোসেন বলেন, শীতকালে পিঠার আয়োজন গ্রামীণ জীবনের অন্যতম একটি অনুষঙ্গ। এবারে ধানের দাম ভালো পাওয়ায় কৃষকের হাতে টাকাও আছে। তাই উৎসবের মাত্রা আরও বেড়েছে।
বয়সের ভারে ন্যুব্জ ধানগড়া এলাকার নূরভানু বেগম (৮৫)। শীতের পিঠাপুলির স্বাদ তাঁর কাছে অতুলনীয়। তিনি বলেন, ‘ছোট থাকতে দেখেছি শীতকালে প্রতিটি বাড়িতে পিঠা তৈরি হতো। অনেক কিছুর পরিবর্তন হলেও পিঠা খাওয়ার উৎসবে ভাটা পড়েনি। বরং দিনে দিনে হরেক রকম পিঠা তৈরি করা হচ্ছে।’
এদিকে স্থানীয় কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, শীতের পিঠার অন্যতম উপকরণ গুড় ঢিমাপ্রতি (প্রায় ৭০০ গ্রাম) ৫০ টাকা, পাটালি গুড় কেজিপ্রতি ৮০ টাকা এবং প্রতি লিটার গরুর দুধ ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ধানগড়া বাজারের ব্যবসায়ী নূরুল আমিন বলেন, গত বছরের চেয়ে এ বছর গুড়ের দামও বেশি, বিক্রিও বেশ ভালো। শীত আসার সঙ্গে সঙ্গে বেচা-কেনা বেড়েছে।