পাঁচ মাস আগে মাথা গোঁজার ঠাঁই আর দুবেলা খাবারের আশায় অন্যের বাড়িতে কাজ নিয়েছিল ১০ বছরের শিশু আমেনা আক্তার। কিন্তু পিঠে দগদগে পোড়া ঘা নিয়ে শিশুটি এখন ছটফট করছে হাসপাতালের বিছানায়। অভিযোগ, গৃহকর্ত্রী তার পিঠে ফুটন্ত পানি ঢেলে দিয়েছে। গত শনিবার সন্ধ্যায় শিশু আমেনাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ফেনী শহরের হাসপাতাল সড়কের একাডেমি নুরীয়া মসজিদের সামনে শিশুটিকে কাঁদতে দেখেন মিজানুর রহমান নামের এক পথচারী। তিনি শিশুটির পিঠের পোড়া ক্ষত দেখে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত থাকায় নিজের নাম বা বাড়ির ঠিকানা কিছু বলতে পারেনি। কে তার শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে বা ঘটনাটি কবে ঘটেছে তাও বলতে পারেনি।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা বলেন, তাঁর পিঠের ক্ষত দেখে মনে হচ্ছে অন্তত তিন মাস আগে পুড়ে গেছে। শিশুটির চিকিৎসা চলছে।
হাসপাতালে ভর্তির পরদিন আমেনার ফুফু টুনি বেগম খবর পান। তিনি গতকাল সোমবার সকালে আফরোজা বেগম নামের এক নারীর বিরুদ্ধে আমেনাকে নির্যাতনের অভিযোগে মামলা করেন।
শিশুটির ফুফু বলেন, অভাবের সংসার হওয়ায় তিনি গত ১৭ ফেব্রুয়ারি ফেনীর শহরের একাডেমি এলাকার নুরীয়া মসজিদের পেছনে আফরোজা বেগমের কাছে শিশুটিকে দেন। আমেনাকে ঢাকায় আফরোজা বেগমের এক আত্মীয়ের বাসায় কাজের জন্য পাঠানোর কথা ছিল। এরপর আর তাঁরা আমেনার খোঁজ নেননি।
পুলিশ ধারণা করছে, শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলোচিত হওয়ায় আফরোজা বেগম বাসা ছেড়ে পালিয়েছেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বলেন, গৃহকর্ত্রী আফরোজা বেগম পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মেয়েকে সোমবার সন্ধ্যায় আটক করা হয়েছে। আফরোজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।