পিডিবি কার্যালয় ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে এলাকার গভীর নলকূপ অপারেটরসহ দেড় শতাধিক কৃষক তানোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয় ঘেরাও করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কৃষকেরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় আবাসিক প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। তবে বিদ্যুৎ বিভাগের অন্য কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে কার্যালয় থেকে বের হননি। তালন্দ এলাকার তালন্দ উত্তরপাড়া, পশ্চিমপাড়া, হরিদেবপুর, তালন্দ, সোমাসপুর, হিন্দুপাড়া, বেলপুকুর, গোকুল, তালন্দ বাজারপাড়াসহ প্রায় ১০টি গ্রামের লোকজন এই কর্মসূচিতে অংশ নেন। পরে তানোর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
তানোর উপজেলা বিদ্যুৎ বিভাগের (পিডিবি) আবাসিক প্রকৌশলী ইফতেখার আহম্মেদ বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের সত্যতা স্বীকার করে বলেন, তানোরে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ নেই। দ্রুত বিদ্যুতের ভোল্টেজ বাড়ানোসহ লোডশেডিং কমিয়ে আনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।