পিডিবি-বিজিএমইএ সভা
চট্টগ্রামের পোশাক কারখানায় বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ-পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার বিজিএমইএর নেতারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রামের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহার সঙ্গে মতবিনিময় করেছেন। আগ্রাবাদ বিদ্যুৎ ভবন কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
সভায় বিজিএমইএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক মো. আবদুল ওহাব, সৈয়দ নজরুল ইসলাম, শেখ সাদি, অঞ্জন শেখর দাশ ও সাবেক পরিচালক মো. হাসানুজ্জামান চৌধুরী।
নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কারখানার যন্ত্রপাতি বিকল হচ্ছে। উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি অবিলম্বে লোডশেডিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রান্সফরমার নষ্ট হলে দ্রুত প্রতিস্থাপনের অনুরোধ জানান। তিনি যেসব পোশাক কারখানায় নির্ধারিত চাহিদার চেয়ে অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হচ্ছে, সেসব কারখানায় চাহিদা অনুযায়ী লোড বৃদ্ধি করারও আহ্বান জানান। পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা বলেন, লোডশেডিং ব্যবস্থাপনার জন্য অচিরেই প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হবে।