চট্টগ্রামে এক সমাবেশে দাবি করা হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানি করা হলে গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হবেন। এতে একদিকে গ্রাহকসেবার মান কমবে, অন্যদিকে বাড়বে বিদ্যুতের রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ। পিডিবির অনেক কর্মকর্তা-কর্মচারীও ক্ষতিগ্রস্ত হবেন। চাকরি হারিয়ে পরিবার নিয়ে পথে বসতে হবে তাঁদের।
গতকাল নগরের আগ্রাবাদে বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন পিডিবি চট্টগ্রামের কর্মকর্তা ও কর্মচারীরা। পিডিবির রাজশাহী ও রংপুর অঞ্চলকে নিয়ে কোম্পানি গঠনের প্রক্রিয়া শুরুর প্রতিবাদে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিওবি) শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ চট্টগ্রামের সদস্যসচিব প্রবীর কুমার সেন বলেন, পিডিবিকে কোম্পানিতে রূপান্তরিত করা হলে এর গতিশীলতা কমবে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন থেকে বিতরণ সব পর্যায়েই খরচ বাড়বে। আর এই বাড়তি খরচের বোঝা বহন করতে হবে গ্রাহককেই। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিবি চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ, মো. মকবুল হোসেন, শামসুল আলম, প্রবীর কুমার দে, মোতাহার হোসেন, ইকবাল করিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) চট্টগ্রামের (মহানগর) সভাপতি আবু জাফর চৌধুরী, সাধারণ সম্পাদক (চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার) মো. তসলিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সালাম প্রমুখ।