পিডিবিকে কোম্পানি করার চলমান প্রক্রিয়ার প্রতিবাদ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তর করার চলমান প্রক্রিয়ার প্রতিবাদে শেরপুরে বিদ্যুৎ বিভাগের শ্রমিকেরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা গতকাল বুধবার এসব কর্মসূচি পালন করেন।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার আহ্বানে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগীয় কার্যালয়ে বিদ্যুৎকর্মীরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেন।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এটিকে কোম্পানি করার প্রক্রিয়া চলছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ অন্যদিকে, শেরপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, ‘আমাদের রাজশাহী ও রংপুর বিভাগ ইতিমধ্যে কোম্পানি হয়ে গেছে। কিন্তু আমরা চাই সরকারের অংশ হিসেবে আরও ভালো করে সাধারণ মানুষকে সেবা দিতে।’